শ্রীলঙ্কাকে ৭৭ রানে আটকে দেওয়ার পর মনে হচ্ছিল, খুব সহজেই জিতে যাবে সাউথ আফ্রিকা। তবে ম্যাচে ঘটেছে তার উল্টো। লঙ্কানদের বিপক্ষে প্রোটিয়ারা ৬ উইকেটের জয় পেলেও বেশ কষ্টই হয়েছে তাদের। ৭৮ রান করতে খেলতে হয়েছে ১৬.২ ওভার পর্যন্ত।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামের অসমান বাউন্সি পিচে ব্যাটারদের কঠিন লড়াই করতে হয়েছে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রিজা হেনড্রিকসের উইকেট হারায় সাউথ আফ্রিকা। তবে রানের প্রয়োজন বেশি না থাকায় রয়েসয়ে খেলেছেন ডি কক। ২৭ বলে ২০ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। বাঁহাতি এ ওপেনারের ইনিংসটিতে ছিল ১টি ছয়ের মার।
এইডেন মার্করাম-ট্রিস্টান স্টাবসরা শুরুটা ভালো করলেও ম্যাচ শেষ করে আসতে পারেননি। তবে সাউথ আফ্রিকাকে বিপদে পড়তে দেননি হেনরিখ ক্লাসেন। ২২ বলে ১টি করে বাউন্ডারি ও ছয়ে অপরাজিত ১৯ রান করে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে ৩.২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একমুহুর্তও দেরি করেননি শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা। ম্যাচে ঘটেছে তার উল্টো, আনরিখ নর্কিয়া-কেশব মহারাজদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় দাসুন শানাকারা।
ওপেনিংয়ে নেমে শুরুটা ধীরগতিতে করেন দুই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। দুজনেই প্রোটিয়া পেসারদের সামনে বেশ ভুগেছেন। নিশাঙ্কাকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ওটনেইল বার্টম্যান। ৮ বলে মাত্র ৩ রান করেন লঙ্কান ওপেনার।
উইকেটে আসার পর কামিন্দু মেন্ডিস ধরে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে। ১৫ বলে ১১ রান করে নর্কিয়ার বলে আউট হয়েছেন তিনি। হাসারাঙ্গা ও সামারাবিক্রমা রানের খাতা খুলতেই পারেননি। লঙ্কান অধিনায়ক খেলেছেন এক বল আর সাদিরার মোকাবেলা করেছেন দুই বল। দুজনকেই ফিরিয়েছেন মহারাজ।
বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন কুশল। কিন্তু টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি তিনি। তারপরও শ্রীলঙ্কার ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে কুশলের ব্যাট থেকেই। ৩০ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেছেন লঙ্কান এ ওপেনার।
দাসুন শানাকা-চারিথ আসালাঙ্কা তেমন কিছুই করতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউস করেছেন ১৬ বলে ১৬ রান।
সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নর্কিয়া। ২ উইকেট নিতে মহারাজ ৪ ওভারে খরচ করেছেন ২২ রান।



