আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টির দলে সুযোগ পাননি মেহেদী। তবে আজ দ্বিতীয় টি–টোয়ন্টিতে সুযোগ পেয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, যা পাওয়ারপ্লেতে ৭৫ রান তুলে ফেলা আয়ারল্যান্ডকে ১৭০ রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছে। এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। তৃতীয়টিতে মাঠে নেমে ৪ ওভারে ১৮ রানে নিয়েছিলেন ১ উইকেট, যদিও সে ম্যাচে ক্যারিবীয়রা রান তুলেছিল নয়ের বেশি গড়ে।
নিজের খেলা সর্বশেষ ৬ ম্যাচের সব কটিতে ৪ ওভার করে বল করেছেন মেহেদী, এর মধ্যে একবারও ৩০ রানের বেশি দেননি। তবুও বারবার একাদশ থেকে বাদ পড়ে যাওয়ার কারণ জানতে চাওয়া হয় সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টির পর। জবাবে মেহেদী বলেন, ‘আসলে এই প্রশ্নের উত্তর কোচ–অধিনায়ক বা নির্বাচকেরা দিতে পারবেন। আমার কাজ হচ্ছে খেলা।’



