সরকার ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে – DesheBideshe



সরকার ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ

ঢাকা, ২০ সেপ্টেম্বর- সরকার ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আজ রবিবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে আরও বেশি প্রতিযোগিতা তৈরি, ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালি আধুনিকায়নের লক্ষ্য রাখা হয়েছে।

এ ছাড়া টেকসই ক্রয়ব্যবস্থায় পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করা হবে। এটি আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত রেডেট ক্রাইটেরিয়া ধারণার সমার্থক। পাশাপাশি সম্পদের সুষম বিস্তারের জন্য সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সুযোগ রাখাসহ বিভিন্ন সময়োপযোগী পরিবর্তনের উদ্দেশ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top