সরকারের ১৩ দিনেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

সরকারের ১৩ দিনেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

সরকারের ১৩ দিনেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১ মার্চ – বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ১৩ দিনের মধ্যেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে যত চাঁদাবাজ ও সন্ত্রাসী রয়েছে তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং আরও উন্নতির জন্য নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও ব্যবসা-বাণিজ্যসহ নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার না হন, সে বিষয়ে তাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসায় গুলি বর্ষণের ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনো জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

এম ম/ ১ মার্চ ২০২৬



Scroll to Top