
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – নবনর্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। দেশ বর্তমানে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
জনগণের স্বার্থে যা করণীয় ছিল তা সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই তারা ব্যারাকে ফিরে যাবে।
সেনাপ্রধান আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল তা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ভাষণে তিনি ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এছাড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





