
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি নয়, নিজের গাড়িতে চলাফেরা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। সেই কারণেই আজ তিনি নিজের গাড়ি ব্যবহার করেছেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বুধবার সন্ধ্যায় বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ (বুধবার) দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজের টয়োটা গাড়িতে সাভার ও শেরে বাংলা নগরে গিয়েছেন, সেখান থেকে একই গাড়িতে সচিবালয়ে এসেছেন।’
শিবলী আরও বলেন, ‘যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। আগে বহরে ১৩-১৪টি গাড়ি থাকত, আজ (বুধবার) সেটি কমিয়ে চারটিতে আনা হয়েছে।’
শপথ নেওয়ার পর আজ (বুধবার) প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথির সফরের সময় তাঁর গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান তিনি।
শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে সব মন্ত্রীদের যাতায়াতে জট তৈরি হয় এবং ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এসব বিবেচনায় বেশিরভাগ সময় সচিবালয়েই মন্ত্রিসভার বৈঠক হবে।’
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান নেওয়ার প্রচলিত নিয়মও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন সকালে তিনি গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সাভার থেকে তিনি শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুই স্থানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর তিনি সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬





