সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার – DesheBideshe

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার – DesheBideshe

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার – DesheBideshe

ঢাকা, ১২ জানুয়ারি – শরীয়াহভিত্তিক অর্থায়নের আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ উদ্দেশ্যে ১০ বছর মেয়াদি ইসলামী বন্ড বা সুকুক ইস্যু করা হচ্ছে, যার মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ৭ ও ৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

এই সুকুকের ভিত্তি হিসেবে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্দিষ্ট ট্রেন সেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক–১’ নামের এই বন্ড প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি ব্যাংকের কাছে ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী বুধবার (১৪ জানুয়ারি) সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে এই ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে এসেছে বাকি ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



Scroll to Top