ব্রেক্সিটের এক দশক পর বিভিন্ন নীতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আগ্রহ দেখাচ্ছে লন্ডন

ছবি: সংগৃহীত
ব্রেক্সিট গণভোটের এক দশক পর সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এ সম্মেলনকে লন্ডন ও ব্রাসেলসের সম্পর্ক নতুন করে সাজানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ার পর এটি দুই পক্ষের দ্বিতীয় সম্মেলন। বৈঠকে খাদ্যপণ্য, কার্বন নিঃসরণ এবং তরুণদের অভিবাসন সংক্রান্ত কয়েকটি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
২০২৫ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনকে লন্ডন ও ব্রাসেলসের সম্পর্ক পুনর্গঠনের জন্য একটি ‘স্থিতিশীল ভিত্তি’ তৈরির উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছিল। শুক্রবারের বৈঠককে সেই সম্পর্ক নতুন করে সাজানোর সূচনা হিসেবে দেখা হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে বার্নহ্যাম বলেন, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য যা পেয়েছে, তার চেয়ে বেশি হারিয়েছে, যা একটি ‘স্পষ্ট সত্য’। ২০১৬ সালের গণভোটে যুক্তরাজ্যের ৫২ শতাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে মত দেন। ওই গণভোটের ফল বাধ্যতামূলক ছিল না। তবে এর ভিত্তিতেই পরবর্তী সময়ে ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। বার্নহ্যাম ব্রাসেলসের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনকে তার সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন।
বৈঠকের আলোচ্যসূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি হতে পারে প্রাণী, উদ্ভিদ ও সংশ্লিষ্ট পণ্যের আন্তঃ-বাণিজ্য নিয়ে। যুক্তরাজ্যের হিসাব অনুযায়ী, এ খাতে বিদ্যমান নিয়ন্ত্রণ ও বাধ্যবাধকতা তুলে নেওয়া গেলে বছরে ৫১০ কোটি পাউন্ড (প্রায় ৬৭০ কোটি ডলার) সাশ্রয় হতে পারে।
কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থা নিয়েও একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। এর আওতায় ইস্পাতের মতো পণ্যের ওপর আরোপিত কার্বন সীমান্ত শুল্ক থেকে লন্ডন ও ব্রাসেলস পরস্পরকে অব্যাহতি দিতে পারে।
এ ছাড়া তরুণদের অভিবাসন সংক্রান্ত একটি চুক্তিও সই হতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের এক লাখ নাগরিক সর্বোচ্চ তিন বছর যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পাবেন। একই সুযোগ পাবেন যুক্তরাজ্যের সমসংখ্যক নাগরিকও। এ ক্ষেত্রে শুরুতে যুক্তরাজ্য অর্ধেক সংখ্যক মানুষের জন্য সুযোগ দিতে চেয়েছিল।
অন্যদিকে ইইউর দাবি, ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানীয় শিক্ষার্থীদের সমান টিউশন ফি চালু করতে হবে। এ ফি সাধারণত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফি-এর প্রায় এক-তৃতীয়াংশ। তবে লন্ডন এ বিষয়ে কেবল ‘উল্লেখযোগ্যভাবে কম’ ফি নির্ধারণে সম্মত হয়েছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ‘মেড ইন ইউরোপ’ নীতির আওতায় আসতে চায় যুক্তরাজ্য। এ বিষয়ে ব্রাসেলসের ইতিবাচক মনোভাব থাকলেও যুক্তরাজ্যকে এজন্য ইইউর নীতিমালা মেনে চলতে হবে। যা কিনা প্রধানমন্ত্রী বার্নহ্যামের জন্য কঠিন হতে পারে। কারণ, দেশটিতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


