ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। সেই ম্যাচ দ্বিতীয়ার্ধে প্রথম দশ মিনিটের মধ্যে সমতায় আনে আর্নে স্লটের শিষ্যরা। তবে ওল্ড ট্রাফোর্ডে কোবি মাইনুর গোলে সমতা ধরে রাখতে পারেনি লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ৩-২ গোলের ব্যবধানে।
ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সুফল পেতে খুব একটা সময় লাগেনি কোচ মাইকেন ক্যারিকের দলের। প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় প্রথম গোলের দেখা পায় ইউনাইটেড, গোল করেন ব্রাজিলিয়ান তারকা ম্যাথায়াস কুনহা। ১-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা।
ম্যাচের দ্বিতীয় গোল পেতে আরও আট মিনিট সময় নেয় ব্রুনো ফের্নান্দেসরা। ১৪ মিনিটের সময় বেঞ্জামিন সেসকো দ্বিতীয় গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ২-০ গোলে। প্রথমার্ধে ওই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড।
বিরতি থেকে ফিরে প্রথম ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অলরেডরা। ৪৭ মিনিটে লিভারপুলকে প্রথম এগিয়ে নেন ডমিনিক সোবোজলাই। তার গোলে ২-১ ব্যবধানে দাঁড়ায় ম্যাচে। ৫৬ মিনিটে সমতায় আসে লিভারপুল, এবার গোল করেন কোডি গ্যাপকো। ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২ গোলের।
তবে সেই ব্যবধান খুব বেশি সময় ধরে রাখতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা। ৭৭ মিনিটে কোবি মাইনু লিভারপুরের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। তার গোলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-২। পরে ওই ৩-২ গোলের ব্যবধান রেখে ম্যাচ শেষ হয়। টেবিলে নিজেদের তৃতীয় অবস্থানটা আরও পাকাপোক্ত করেন অন্তর্বর্তীকালীন কোচ ক্যারিক।
এ জয়ে ৩৫ রাউন্ড শেষে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লিভারপুল। টেবিলের শীর্ষে আর্সেনাল, দুই ম্যাচ কম খেলে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি।





