
ঢাকা, ২২ জুলাই – রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে মো. পলাশ নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পলাশ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মাদারটেকের সবুজবাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। দলীয় পরিচয়ে তিনি সবুজবাগ ৫ নম্বর ইউনিটের বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের প্রতিবেশী হিরা জানান, রাতে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ ১০ থেকে ১২ জন পলাশের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএন/ ২২ জুলাই ২০২৬





