
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহর ৫৫ তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নেন ঢাকাই সিনেমার এই স্বপ্নের নায়ক! এদিন তাকে নিয়ে সাধারণ দর্শক ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের মানুষেরাও স্মরণ করছেন!
এদিন তাকে নিয়ে সবার প্রতি একটি অনুরোধ করেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ও চিত্রতারকা সালমানের সহ-অভিনেত্রী শাবনূর।
এক পোস্টে শাবনূর এদিন সবার প্রতি একটি অনুরোধ জানিয়ে লিখেন,“সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তাঁর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।”
সালমানকে নিয়ে এদিন শাবনূর আরো বলেন,“কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে।”
সালমানের এই সহজ গুণই তাকে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে বলে মন্তব্য করেন শাবনূর। তার ভাষায়,“তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।”
“পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে। মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।” লিখেন শাবনূর।
মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান করেছেন ২৭টি সিনেমা। তার মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছরের জীবন! বেঁচে থাকলে শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তারকার বয়স হতো ৫৫ বছর!
তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। টেলিভিশনেও তার অভিনীত বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়। তার জন্ম কিংবা মৃত্যু দিনে শুধু নয়, সারা বছরেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায় ভক্ত অনুরাগীদের।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…