সন্তান জন্মের অপেক্ষায় ছিল পরিবার, এক বজ্রপাতেই সব শেষ! – DesheBideshe

সন্তান জন্মের অপেক্ষায় ছিল পরিবার, এক বজ্রপাতেই সব শেষ! – DesheBideshe


সন্তান জন্মের অপেক্ষায় ছিল পরিবার, এক বজ্রপাতেই সব শেষ! – DesheBideshe

রাজবাড়ী, ১৩ মে – আনন্দের অপেক্ষায় ছিল পুরো পরিবার, কয়েকদিন পরেই কোল আলো করে আসার কথা ছিল নতুন অতিথির। কিন্তু এক নিমিষেই সেই আনন্দ বিষাদে রূপ নিল। রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বন্যা (৩০) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে রাখা লাকড়ি (খড়ি) ভিজে যাওয়ার ভয়ে তা সরাতে দ্রুত বাইরে যান বন্যা। কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি সরাসরি বজ্রাঘাতের শিকার হন এবং উঠানেই লুটিয়ে পড়েন।

বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে বাইরে এসে দেখেন বন্যা নিথর হয়ে মাটিতে পড়ে আছেন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ মাসের অন্তঃসত্ত্বা এই নারীর। অনাগত সন্তানসহ মায়ের এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউই।

বন্যার অকাল মৃত্যুতে শেখপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের গুমরে মরা কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের এই নারী তার আগত সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মুহূর্তের এই প্রাকৃতিক দুর্যোগ একটি সাজানো পরিবারকে তছনছ করে দিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি পরিবারের স্বপ্ন এভাবে ভেঙে যাওয়া অপূরণীয় ক্ষতি।” একই সাথে তিনি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে মেঘ জমলে বা বিদ্যুৎ চমকালে সবাইকে খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার বিশেষ অনুরোধ জানান।

এনএন/ ১৩ মে ২০২৬



Scroll to Top