সন্তান অসুস্থ, বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

বিপিএলের দশম আসরে পেস অলরাউন্ডার জিয়াউর রহমানকে পাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্তানের অসুস্থতার কারণে নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছেন জিয়া।

চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জিয়ার সন্তানের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্তানের জন্য জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন।

জিয়া গত আসরেও চট্টগ্রামের হয়ে বিপিএল খেলেছিলেন। দলটির রিটেইনড ক্রিকেটার তিনি। মারকুটে ব্যাটিং ও মিডিয়াম পেস বোলিংয়ের কারণে ৩৭ বছর বয়সেও বিপিএলে দল পান জিয়া।

খুলনার অলরাউন্ডার ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৩টি ওয়ানডে, ১৪টি টি-টুয়েন্টি ও একটি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেন।

এদিকে বিপিএলে প্রথম দুই ম্যাচে মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৭ রান তাড়া করে জিতলেও, পরের ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার কারনে হেরেছে খুলনা টাইটান্সের কাছে।

Scroll to Top