
ঢাকা, ১৯ মার্চ – আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে সদরঘাট নৌ টার্মিনালে দিনব্যাপী আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বৃহস্পতিবার ১৯ মার্চ তার উপস্থিতিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি লঞ্চকে ৭০ হাজার টাকা জরিমানা এবং ৩৭ জনকে আটক করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সরেজমিনে সদরঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে যাত্রার প্রস্তুতির কারণে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে এই আর্থিক জরিমানা করে এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করে দেয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার খোঁজখবর নেন। এ সময় যাত্রীদের হয়রানি, বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকা এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া অবৈধভাবে ছোট নৌকায় করে যাত্রীদের লঞ্চে তুলে দেওয়ার অপরাধে ৬ জন নৌকা চালককেও আটক করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। পাশাপাশি যাত্রীসাধারণকে সচেতনভাবে চলাচলের আহ্বান জানিয়ে যেকোনো অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেন তিনি।
অন্যদিকে, সাম্প্রতিক একটি লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬





