
ছবি: সংগৃহীত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।
সভায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ি ও আত্মীয়-স্বজনের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। এ সময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও জানান তিনি।
সভায় কয়েকজন সংসদ সদস্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তাদের নির্দেশনা না মানার অভিযোগ তোলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি দলের সংসদ সদস্যদের কথা প্রশাসনের শোনা উচিত। কোনো কর্মকর্তা কথা না শুনলে তাকে বিষয়টি জানাতে বলেন তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি। তবে সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। আত্মবিশ্বাস নিয়ে সবাইকে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই দলীয় সংসদ সদস্যদের কাজ করার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

