ঢাকা-১৭ আসনে বিএনপি-এর চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন চলচ্চিত্রের একসময়ের দাপুটে খল-অভিনেত্রী রিনা খান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান ১-এর পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় এসে রিনা খান প্রচারণা করতে এসেছে বলেন, তারেক রহমানের ধানের শীষ ও তার হাতকে শক্তিশালী করতে সবার কাছে ভোট চাইতে এসেছি।
সংরক্ষিত আসনে এমপি হতে চাওয়ার আশা প্রকাশ করে এসময় রিনা খান বলেন, আমি নিজে জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন)-এর সিনিয়র সহ-সভাপতি। আমি সংরক্ষিত আসন থেকে এমপি হতে চাই। আশা রাখি, একটি সিট আমি পাবো। আসলে বিগত ১৭ বছরে ধরে আমাদের অনেক শিল্পী দেশে থাকতে পারেনি। যারা দেশে ছিলেন তারা নির্যাতিত হয়েছে। আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।
এর আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে রুনা খান বলেছিলেন, আমি বিটিভি’র নিবন্ধিত শিল্পী হলেও আমাকে কাজ করতে দেয়া হয়নি। বিএনপি করি বলে অনেকভাবে বিগত বছরগুলোতে চাপে ছিলাম।
এদিন তারেক রহমানের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন, চলচ্চিত্র অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা জাতীয়তাবাদী দল, তারেক রহমান ও ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। সেইসঙ্গে তারেক রহমানের পক্ষে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিলি করতে দেখা যায় তাদের।
বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির প্রধান মনির খান বলেন, সাংস্কৃতিক অঙ্গনের ভাই-বোনদের নিয়ে সারাদেশে কাজ করছি। ইতোমধ্যে আমরা ধানের শীষের পক্ষে গান, কবিতা, নাটিকাসহ বেশ কিছু কনটেন্ট বানিয়েছি। মানুষের কাছে গিয়ে দেখেছি তারা ভোট দিতে উৎসাহী এবং তারেক রহমানের ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে আমরা এই আশা করছি।
রবি চৌধুরী বলেন, তারেক রহমানের জন্য ভোট চাইতে এসেছি। মানুষের কাছে গিয়ে মনে হচ্ছে আগামী নির্বাচনে তারেক রহমান বিপুল ভোটে জয়ী হবেন। এর আগে ঠাকুরগাঁও এলাকায় তারেক রহমানের সঙ্গে আমি ও মনির খান মির্জা ফখরুল সাবেহের এলাকাতেও গিয়েছিলাম।




