শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ আজ, তাকিয়ে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ আজ, তাকিয়ে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বে এক ম্যাচে হারলেও দুটিতে জিতেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকলেও বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য নির্ধারণ হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশসহ তিন দলের সামনেই এখনও সুযোগ রয়েছে সুপার ফোরে খেলার। সেই সমীকরণ মেলাতে রাতে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে বি’ গ্রুপের শেষ ম্যাচ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার লড়াই। ম্যাচে লঙ্কানরা যেকোনো ব্যবধানে জিতলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রানরেটের জটিল হিসাব-নিকাশ, যেখানে বেশ পিছিয়ে টিম-টাইগার্স।

হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলা আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে আছে বাংলাদেশ। ২ ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রানরেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে, আবার তারা একটি ম্যাচ কমও খেলেছে। শ্রীলঙ্কার নেট রানরেট (+১.৫৪৬), বাংলাদেশের (-০.২৭০)। আফগানিস্তানের নেট রানরেট (‍+‍২.১৫০)।

শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে নেট রানরেট বাধা হবে না বাংলাদেশের। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠে যাবে সুপার ফোরে। রানরেটে এগিয়ে থাকা আফগানিস্তান জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যাবে সুপার ফোরে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করা হবে নেট রানরেটের ভিত্তিতে।

এই হিসেবে বেশ এগিয়ে লঙ্কান দল। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, রানতাড়ায় ১২৮ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলঙ্কা। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ করলেই চলবে। আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে।

Scroll to Top