শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর প্রভাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৯৩ জন। নিখোঁজ আছেন আরও ২২০ জনের বেশি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, হাজারো বাড়িঘর ধ্বংস হয়ে প্রায় ৪৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রাজধানী কলম্বোসহ বিভিন্ন এলাকায় বন্যার পানি বেড়েই চলেছে। কেলানি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উত্তর কলম্বোতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। অনেক এলাকা কাদার নিচে ডুবে গেছে, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।
রাষ্ট্রপতি অনুরা কুমারা ডিসানায়েকে জরুরি অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন। ভারত দ্রুত ত্রাণ ও হেলিকপ্টার পাঠিয়েছে; জাপানও সহায়তার আশ্বাস দিয়েছে।
বিদ্যুৎ–পানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বড় অংশ অন্ধকারে ডুবে আছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
২০১৭ সালের পর এটিই শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।




