দীর্ঘদিনের সমালোচনা, প্রশাসনিক অস্থিরতা এবং জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার প্রেক্ষাপটে অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর প্রেসিডেন্ট শাম্মি সিলভা এবং নির্বাহী কমিটির সকল সদস্যরা।
মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসেছিলেন এসএলসির সমালোচিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সভাপতিসহ সকল সদস্যরা পদত্যাগ করেন। বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেয়া হবে বলেও জানানো হয়েছে। তবে বৈঠক শেষে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।
কিছুদিন আগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) সরে যেতে নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। সেই নির্দেশনা মেনে পদত্যাগ করেছেন এসএলসির প্রধান শাম্মি সিলভা। তার ২ বছরের মেয়াদের ১১ মাস বাকি থাকতেই পদত্যাগ করলেন এসএলসি সভাপতি।




