
ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারসে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। আফগানিস্তানের বিপক্ষে এক উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ দল। দশম উইকেটে ইকবাল হোসেন ইমনের ব্যাটে জয় নিশ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিদের। টুর্নামেন্টের সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।
কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আফগানিস্তান আগে ব্যাট করে ৪৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাব দিতে নেমে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে কষ্টার্জিত এক উইকেটের জয় তোলে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান, কোনো রান করতে পারেননি তিনি। পরবর্তীতে দলের হাল ধরেন অপর ওপেনার পারভেজ ইমন, সঙ্গে ছিলেন শাহাদাত হোসেন দীপু। দলীয় ৫০ রানের সময় ৩৩ রান করে সাজঘরে ফেরেন ইমন।
পরে শাহাদাত ও ইয়াসির রাব্বি মিলে ৩১ রানের জুটি গড়েন। ৮১ রানের সময় রাব্বি আউট হলে পরপর তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে মোহাম্মদ সাইফউদ্দিন ৮০ বলে ২৮ রান করে বাংলাদেশকে ম্যাচে রাখেন। তিনি আউট হলে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের।
দশম উইকেট ১৪ রানের জুটি গড়েন ইমন ও রিপন মন্ডল। ওই জুটিতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয় যেখানে ইমন ৭ বলে ১১ রানে অপরাজিত থাকেন। রিপন ৬ বলে ৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া ২৮ রান করে দলের জয়ে অবদান রাখেন সাব্বির রহমান।
আফগানিস্তানের নাভিদ জাদরান নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন নাসির খান মারুফখিল ও ফরমানউল্লাহ। ১টি করে উইকেট নেন আল্লাহমোহাম্মদ গজানফর ও কায়েস আহমদ।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ১৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার হাসান ইশাখিল। আরেক ওপেনার ইমরান মীর করেন ১৯ রান। ফয়সাল শিনোজাদা ৩২ বলে ১৭ রান করে রিপন মন্ডলের বলে আউট হন।
একপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন অধিনায়ক ইকরাম আলীখিল। সর্বোচ্চ ৪৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত আর কোন ব্যাটার সুবিধা না করতে পারলে ১৭৪ রানে অল আউট হয় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন পেসার রিপন মন্ডল। ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, মোহাম্মদ রুবেল ও সাইফ হাসান। একটি উইকেট নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

