শোলাকিয়ায় ঈদ জামাত: নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন | চ্যানেল আই অনলাইন

শোলাকিয়ায় ঈদ জামাত: নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন | চ্যানেল আই অনলাইন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম বৃহৎ ঈদ জামাত। শনিবার সকাল ১০টায় এ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে।

শুক্রবার বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলবে। একই সঙ্গে প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও শোলাকিয়া ঈদ জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top