
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিষয়টিকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময়োপযোগী ও আশা জাগানিয়া বলে উল্লেখ করেছে সংস্থাটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, এ ঘোষণায় দীর্ঘদিন লালিত কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চার অবসানের পথে গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে।
একই সঙ্গে এই পদক্ষেপের পরিপূর্ণ ও টেকসই সুফল অর্জনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়ের মৌলিক অভীষ্ট হলো জনকল্যাণমূলক বাংলাদেশ, যা হবে সুশাসিত ও দুর্নীতিমুক্ত।
তিনি উল্লেখ করেন, সরকারি ও জনপ্রতিনিধিত্বের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা থাকলেও কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ছাড়া কোনো প্রতিশ্রুতিই সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে না। সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের অন্যতম পূর্বশর্ত হিসেবে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সবার আয়-ব্যয় ও সম্পদবিবরণী বাৎসরিক নবায়নযোগ্যভাবে ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিতের দাবি জানান তিনি।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, সরকার ও জাতীয় সংসদের দুর্নীতিবিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে জুলাই সনদের ৭৪ ধারা অনুযায়ী সব জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের সম্পদবিবরণী প্রকাশের চর্চা নিশ্চিত করতে হবে। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার ঘোষণাটি জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার প্রথম পদক্ষেপ বলে মনে করছে টিআইবি। সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধনের পাশাপাশি জাতীয় দুর্নীতিবিরোধী কৌশলে সব রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬





