সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে। বেলুন ও পায়রা উড়িয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য অতিথি ১০ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিঠা উৎসব বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রায় ৭০টি স্টলে ২০০ ধরনের পিঠা নিয়ে উদ্যোক্তারা এতে অংশ নিয়েছেন। প্রতিদিনই মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজ বয়াতিদের গান ও লাঠিখেলার আয়োজন ছিল।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, পিঠা উৎসব একসময় গ্রামীণ উৎসব ছিল। বর্তমানে শহুরে উৎসবে পরিণত হয়েছে। এভাবেই নতুন ঐতিহ্যের সৃষ্টি হয়।