
লিসবন, ১৩ জুন – আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে। আসরের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হলেও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনই শিরোপা জয়ের বড় কথার চেয়ে একটি ভালো সূচনার ওপর বেশি জোর দিয়েছেন।
৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এটি তার ষষ্ঠ বিশ্বকাপ, যা তাকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকর্ডে বসিয়েছে। দেশ ছাড়ার প্রাক্কালে রোনালদো তার ভাবনার কথা জানিয়ে বলেন যে, প্রথম ও দ্বিতীয় ম্যাচে ভালো খেলা এবং গ্রুপে শীর্ষস্থান অর্জন করাই এখন মূল লক্ষ্য।
তিনি মনে করেন, ধাপে ধাপে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে এবং টুর্নামেন্টের শুরুতে শিরোপার চেয়ে জয় দিয়ে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্তুগাল তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে হিউস্টন ও মায়ামিতে। ১৭ ও ২৩ জুন হিউস্টনে কঙ্গো ও উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।
এরপর ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে পর্তুগিজরা। রোনালদোর মতে, টুর্নামেন্টের নকআউট পর্বে যখন ক্লান্তি ও মানসিক চাপ বাড়বে, তখনই আসল চ্যাম্পিয়নদের পরিচয় পাওয়া যাবে। ১৯৬৬ সালে তৃতীয় এবং ২০০৬ সালে চতুর্থ হওয়া পর্তুগাল গত বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল।
২০১৬ সালে ইউরো জেতা রোনালদো বর্তমান প্রজন্মকে নিয়ে বেশ আশাবাদী। বর্তমানে সৌদি আরবের লিগে খেলা এই কিংবদন্তি মনে করেন, বর্তমান পর্তুগাল দল তাদের পারফরম্যান্স দিয়ে দেশের মানুষকে গর্বিত করতে সক্ষম।
এস এম/ ১৩ জুন ২০২৬






