শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল | চ্যানেল আই অনলাইন

শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল | চ্যানেল আই অনলাইন

মৌসুমের শেষ দিকে একের পর এক হোঁচটে টানা তিন বছর ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। সেই শঙ্কা জেগেছে এবারও। শীর্ষে থাকা দলটি এবার হেরেছে বোর্নমাউথের বিপক্ষে। তাতে শিরোপা লড়াই জমে উঠল আরও। ব‍্যবধান কমানোর সুযোগ পেয়ে গেল ম‍্যানচেস্টার সিটি।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার বোর্নমাউথের বিপক্ষে ২-১তে হেরেছে মিকেল আর্তেতার দল। ভিক্টর ইয়োকেরেসের সফল স্পট কিকে একবার সমতা ফেরাতে পারলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আর্সেনাল। ৩২ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। ৩০ ম‍্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম‍্যানসিটি।

চোটের কারণে এই ম্যাচে ছিলেন না গানার্সদের দুই প্রাণভোমরা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড। রক্ষণে ছিলেন না ডাচ তারকা ইউরিয়েন টিম্বার। বোর্নমাউথও অবশ্য পায়নি তাদের ডাচ প্রতিভা জাস্টিন ক্লুইভার্টকে।

টানা চার জয়ের পর প্রিমিয়ার লিগে হারল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম‍্যাচের মধ‍্যে হারল তৃতীয়বার। এর মধ‍্যে আছে এফএ কাপ ও লিগ কাপে পরাজয়। এই দুই টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে দলটি।

Scroll to Top