
মাদারীপুর, ৩১ মার্চ – মাদারীপুরের শিবচরে কৃত্রিম সংকট তৈরি করে মজুত রাখা ৫ হাজার ৬০০ লিটার বা ২৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে জব্দ করা এই বিপুল পরিমাণ ডিজেল সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে এলাকায় ডিজেলের তীব্র সংকট দেখা দেয়, যার ফলে কৃষকদের দৈনন্দিন কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল।
কৃষকদের অভিযোগ এবং গোপন তথ্যের ভিত্তিতে শেখপুর বাজারের মেসার্স রোকন স্টোর এবং তার মালিকের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তালা ভেঙে ১৮ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার করা হয়। এরপর পাশের তোনাই মোল্লার দোকানে তল্লাশি চালিয়ে আরও ১০ ব্যারেল ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
শিবচর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, গত প্রায় পনেরো দিন ধরে একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল।
এর ফলে সাধারণ কৃষকরা চরম ভোগান্তিতে পড়েন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের মাধ্যমে উদ্ধার হওয়া তেল সরাসরি কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং বিক্রিত অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ এম/ ৩১ মার্চ ২০২৬




