
মাদারীপুর, ৫ ফেব্রুয়ারি – মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী প্রচারে প্রকাশ্যে দেখা যায় দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই খবর ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তারের দাবিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিবচর থানায় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ‘শিবচরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দেন।
মাদারীপুর-১ (শিবচর) আসনের নির্বাচনী উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতাকে দেখা যায়।
এ সময় আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইছিলেন। এর পরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।
পুলিশ ও বিক্ষোভকারীদের সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে এসে আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এমন অভিযোগ তোলেন শিবচরের ‘জুলাই যোদ্ধারা’। পরে তারা একত্র হয়ে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অর্ধশতাধিক ব্যক্তি থানার সামনে বিক্ষোভ করেন। পরে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আসামিদের গ্রেপ্তারের দাবিতে একটি স্মারকলিপি দেন।
আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন শাহাদাত হোসেন মিশন। তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে ওসির কাছে স্মারকলিপি দিয়েছেন এবং ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রকাশ্যে আসা আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা না হলে পাঁচ হাজার লোক নিয়ে থানা ঘেরাও করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি জানান, তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬





