
কুমিল্লা, ২১ এপ্রিল – শিক্ষামন্ত্রীর স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ এবং হলের ভেতর থেকে ফেসবুক লাইভ করেছেন কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। মঙ্গলবার সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। সংসদ সদস্যের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে লাইভটি প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য সেলিম ভূইয়া কেন্দ্রের দোতলায় উঠে বিভিন্ন কক্ষ পরিদর্শন করছেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।
এক পর্যায়ে তিনি একটি কক্ষে প্রবেশ করে সামনের সারির এক শিক্ষার্থীর কাছে গিয়ে পরীক্ষার মান নিয়ে প্রশ্ন করেন। প্রায় ৮ মিনিট ৫৭ সেকেন্ডের ওই লাইভে তাকে বিভিন্ন কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এমনকি প্রধান শিক্ষক সামনে এলে তাকে নিজের কাজ করতে বলে ইশারায় সরিয়ে দেন সংসদ সদস্য। এর আগে গত ১২ এপ্রিল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে সাফ জানিয়ে দিয়েছিলেন যে কোনো জনপ্রতিনিধি পরীক্ষার কেন্দ্রে যেতে পারবেন না।
মন্ত্রীর এই কঠোর নির্দেশনা সত্ত্বেও একজন শিক্ষক নেতা হয়েও সংসদ সদস্যের এমন আচরণে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন। তিনি জানান, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব তাজুল ইসলাম জানান, সংসদ সদস্য আসার খবর পেয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে ফেসবুক লাইভের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল আলম জানিয়েছেন, কোনো জনপ্রতিনিধির কেন্দ্রে যাওয়ার সুযোগ নেই। ফেসবুক লাইভের বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সংসদ সদস্য সেলিম ভূইয়ার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬






