
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্কের বর্তমান অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শাকিব খানের সঙ্গে তাঁর এখনো কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। যেহেতু বিচ্ছেদ হয়নি, তাই নতুন করে এই নায়িকার বিয়ের কোনো প্রশ্নই আসে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজিত একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সেখানে সঞ্চালক তাঁর কাছে জানতে চান তিনি কবে আবার বিয়ে করছেন। এর জবাবে বুবলী জানান যে শুরুতেই তিনি বলে নিচ্ছেন তাঁর ডিভোর্স হয়নি, তাই বিয়ের প্রশ্ন ওঠা অবান্তর।
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে বুবলী মন্তব্য করেন যে এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা হতে পারে। এখানে অতীত বলে কোনো অপশন থাকে না।
শাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এই নায়িকা জানান, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে আবার তা ঠিকও হয়ে যায়। বুবলী জোর দিয়ে বলেন, তাঁদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাই তিনি পরিষ্কার করলেন।
এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু শাকিব খানের সঙ্গে তাঁর সংসারের বর্তমান অবস্থাই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





