‘এটি আমার শরীরেরই একটি অংশ। তাই আমি আমার শরীরের একটি অংশই তোমাদের দিচ্ছি। দয়া করে এর যত্ন নিয়ো।’
বক্তার নাম বলে দিলে শরীরের কোন অংশ তা বুঝতে কারও অসুবিধা হয় না। শচীন টেন্ডুলকার। ‘শরীরের অংশ’ বলতে কিংবদন্তি যেটা বুঝিয়েছেন, সেটা ক্রিকেট ব্যাট।
ক্রিজে টেন্ডুলকারের স্ট্যান্স দেখেও মনে হতো হাতে ধরা ব্যাটটি বুঝি তাঁর শরীরের অংশ! ২৪ বছরের ক্যারিয়ারে সেই এক টুকরো উইলোখণ্ড দিয়ে শতকোটি ভারতীয় এবং বাকি পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছেন টেন্ডুলকার। তাঁর হাতে ব্যাট থাকলে ভরসা পেয়েছে ভারত। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে টেন্ডুলকারের অবসর নেওয়ার ১৩ বছর পূর্তিতে সেসব গল্পই ফিরে এসেছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ব্যবস্থাপনায় পরিচালিত এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে নিজের ক্যারিয়ারে ব্যবহার করা ২৫টি ব্যাট উপহার দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান। এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েকের উপস্থিতিতে ব্যাটগুলো তুলে দেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক।
‘ব্যাটোগ্রাফি’ নামের এই সংগ্রহশালা নিছক কিছু পুরোনো ব্যাটের প্রদর্শনী নয়। প্রতিটি ব্যাটের সঙ্গে জড়িয়ে আছে টেন্ডুলকারের জীবনের একেকটি গল্প। শৈশবে পাওয়া অপ্রত্যাশিত উপহার থেকে শুরু করে ২০১৩ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট ইনিংসে ব্যবহার করা ব্যাটটিও আছে সেখানে।
ব্যাটের সঙ্গে টেন্ডুলকারের সখ্য শুরু পাঁচ বছর বয়সে। বড় বোন সবিতা কাশ্মীর বেড়াতে গিয়ে তাঁকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। গতকাল সেই স্মৃতি মনে করে টেন্ডুলকার বলেন, ‘আমার বোন সবিতা তাই কাশ্মীরে বেড়াতে গিয়েছিল। আশা করেছিলাম তিনি সেখান থেকে আখরোট, আপেল ও অন্যান্য জিনিস নিয়ে আসবেন। কিন্তু এর বদলে তিনি যখন আমাকে একটি ক্রিকেট ব্যাট উপহার দিলেন, ভীষণ খুশি হয়েছিলাম। এর পর থেকে সেই ব্যাটটি সব জায়গায় আমার সঙ্গী হয়ে থাকত।’
পরে টেন্ডুলকারের বড় ভাই অজিত ও কোচ রমাকান্ত আচরেকার তাঁকে প্রথম ক্রিকেট বলের ব্যাট এনে দেন। সেটি ছিল সাইমন্ডস ব্যাট। ১২ বছর বয়সী টেন্ডুলকারের জন্য সেটি ছিল বেশ ভারী। কিন্তু ব্যাটটি তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে অন্য কিছু নিতে রাজি হননি।
টেন্ডুলকার বলেন, ‘১৯৮৫ সালে আমি প্রথম চামড়ার বলের ব্যাট পাই। আচরেকার স্যারের সঙ্গে গিয়েছিলাম। একটি ব্যাট দেখামাত্রই আমার পছন্দ হয়ে যায় এবং ঠিক করি ওটাই নেব। ষষ্ঠ শ্রেণি থেকে আমি ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে শুরু করি। আমার বড় ভাই বাবার সঙ্গে কথা বলেন এবং বাবা আমাকে আলাদা একটি ব্যাট কিনে দেন। সেটি ছিল বড় আকারের ব্যাট ও আমার বয়সের তুলনায় বেশ ভারী; কিন্তু আমি ওই ব্যাটটিই নিতে নাছোড়বান্দা ছিলাম।’
ক্রিকেটার টেন্ডুলকারের জীবনে পারিবারিক মূল্যবোধের প্রভাবও ছিল স্পষ্ট। ১৯৯৬ বিশ্বকাপে তাঁর ব্যাটে কোনো প্রতিষ্ঠানের স্টিকার ছিল না। কারণ, পরিবার সিদ্ধান্ত নিয়েছিল, তিনি কখনো মদ বা তামাকজাত পণ্যের প্রচার করবেন না। টেন্ডুলকারের ভাষায়, ‘বাড়িতে আমরা, পুরো পরিবার মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনোই মদ বা তামাকের প্রচার করব না। এর ফলে প্রায় দুই বছর আমার ব্যাটে কোনো স্টিকার ছাড়াই খেলতে হয়েছিল।’
সেই বিশ্বকাপে একটি বিদেশি ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান তাঁকে চুক্তির প্রস্তাব দিয়েছিল। কিন্তু তার আগেই স্টিকার ছাড়া দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। এর একটি ম্যাচ ছিল কেনিয়ার বিপক্ষে, করেছিলেন সেঞ্চুরি। তাই নতুন প্রতিষ্ঠানের প্রস্তাবেও ব্যাটে স্টিকার লাগাতে রাজি হননি। বলেছিলেন, ‘না, আমি এখন কিছুটা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছি। স্টিকারহীন ব্যাট দিয়ে রানগুলো করা আমার কাছে অমূল্য। বিশ্বকাপ শেষ হলে আমরা কথা বলব। আপাতত পুরো বিশ্বকাপ আমি স্টিকার ছাড়া ব্যাট দিয়েই খেলব।’
টেন্ডুলকারের সংগ্রহে থাকা আরেকটি ব্যাটের গল্পও বেশ মজার। ২০০৯ সালে মোহালিতে সনি কোহলি তাঁকে একটি ব্যাট দেখান। সেটি বানানো হয়েছিল ভারতের সাবেক স্পিনার সুনীল যোশীর জন্য। ব্যাটটি পছন্দ হয়ে যায় টেন্ডুলকারের। হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে দলের বাস ছাড়ার ঠিক আগমুহূর্তে সেটি তাঁর হাতে পৌঁছে দেওয়া হয়। টেন্ডুলকার সে স্মৃতি নিয়ে বলেন, ‘ব্যাটটি দিয়ে আমি একটি বলও খেলিনি। সরাসরি ব্যাগ থেকে বের করে ম্যাচে খেলতে নেমে গিয়েছিলাম—একেবারেই আনকোরা একটি ব্যাট।’
সেই আনকোরা ব্যাটই পরে হয়ে ওঠে তাঁর প্রিয় ‘সুপার ব্যাট’। এটি দিয়েই হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। এরপর গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতকও করেছিলেন এই ব্যাট দিয়ে।
ব্যাটের প্রতি ভালোবাসার পেছনে বাবার একটি উপদেশও কাজ করেছে। ৫৩ বছর বয়সী টেন্ডুলকার মনে করেন, ব্যাটসম্যানের উচিত নিজের ব্যাটকে সব সময় যত্নে রাখা। এ প্রসঙ্গে বাবার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার বাবা বলতেন, নিজের জিনিসপত্র সব সময় নিজের কাছে রাখা উচিত। এর মধ্যে তোমার প্রতিভাও পড়ে। এটা ঈশ্বরপ্রদত্ত উপহার। তাই একে আগলে রাখতে হবে ও পূজা করতে হবে। ব্যাট ছুড়ে ফেলবে কেন? এতে কী অর্জন হবে? নিজের প্রতিভাকে অসম্মান করবে কেন?’
২৫টি ব্যাট ছাড়াও এই সংগ্রহশালায় জায়গা পেয়েছে টেন্ডুলকারের প্রথম হেলমেট, মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে পরা জার্সি, নিজের ২০০তম টেস্টে পরা ভারতের জার্সি ও হেলমেট। আছে ওয়াংখেড়েতে বিদায়ী ভাষণ দেওয়ার সময় মূল পয়েন্টগুলো যে কাগজে লিখেছিলেন, সেটিও।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী টেন্ডুলকার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচের ৭৮২ ইনিংসে তাঁর রান ৩৪ হাজার ৩৫৭। ব্যাটিং গড় ৪৮.৫২। সেঞ্চুরি ১০০টি, ফিফটি ১৬৪টি।


