
বৈরুত, ৬ মার্চ – লেবানন সীমান্ত সংলগ্ন পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ইসরায়েলি বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে হেজবুল্লাহ। শুক্রবার সকালে সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় প্রকাশিত এক বার্তায় এই কঠোর সতর্কতা জারি করা হয়। বিবিসি ফার্সি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হেজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই বার্তায় বলা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
বেসামরিক অবকাঠামো ধ্বংস ও উচ্ছেদ অভিযানের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও তারা হুশিয়ারি উচ্চারণ করে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালায়। হামলার পূর্বে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল যা হেজবুল্লাহর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা তেহরানে অবস্থিত ইরানি অবকাঠামোর বিরুদ্ধেও ব্যাপক অভিযান শুরু করেছে।
এস এম/ ৬ মার্চ ২০২৬





