
তেহরান, ৮ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবাননের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় লেবাননে বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে ইরান মধ্যস্থতাকারী দেশগুলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনায় বসবে না।
আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তেহরান সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে এই আলোচনা বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং উপসাগরীয় আরব দেশগুলোতে পুনরায় হামলা চালানোর কঠোর হুমকিও দিয়েছে ইরান।
এর আগে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্ররাও অন্তর্ভুক্ত থাকবে। সেই অনুযায়ী হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল এই চুক্তির তোয়াক্কা না করে লেবাননে ব্যাপক আক্রমণ চালিয়েছে। মাত্র দশ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে অন্তত একশটি বিমান হামলা চালানো হয়। এতে শত শত সাধারণ মানুষ হতাহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আজকের দিন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আক্রমণ বন্ধ না হলে শুক্রবারের নির্ধারিত আলোচনা থেকে ইরান নিজেদের প্রত্যাহার করে নেবে।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬





