
লেবানন, ৯ ফেব্রুয়ারি – লেবাননের ত্রিপোলি শহরে আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে। দেশটির উদ্ধারকারী বাহিনী সোমবার ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে রবিবার ত্রিপোলির বাব আল-তাব্বানেহ এলাকায় দুটি পুরনো ভবন ধসে পড়ার ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে দুর্ঘটনার সময় ভবন দুটিতে মোট কতজন মানুষ ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্যমতে ওই ভবনগুলোতে অন্তত ২২ জন বাসিন্দা বসবাস করতেন এবং এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলমান রয়েছে।
ত্রিপোলি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর এবং স্থানীয় পৌর কর্মকর্তাদের মতে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে বেশ কয়েকটি পুরনো ভবন ধসে পড়েছে। দীর্ঘ সময় ধরে ভবনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না করা এবং জরাজীর্ণ অবকাঠামোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬




