রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে ঢুকতেই ছোট একচিলতে জায়গায় গড়ে উঠেছে লুসাই সাংস্কৃতিক পার্ক। সেখানে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলে দর্শনার্থীরা যেন একটা আদি অকৃত্রিম লুসাই গ্রাম খুঁজে পান। লুসাই জনজাতি কেমন ছিল এক সময়, তাদের সংস্কৃতি, পোশাকপরিচ্ছদ, থাকার ঘর, ব্যবহৃত হাতিয়ার, বাদ্যযন্ত্র—সবই দেখার সুযোগ মিলবে পর্যটকদের। কেবল তা–ই নয়, লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে তোলা যাবে ছবিও।
সম্প্রতি সাজেকে গিয়ে ‘লুসাই ভাংখুয়া পার্ক’, অর্থাৎ লুসাই সাংস্কৃতিক পার্কে পর্যটকদের বেশ ভিড় লক্ষ করা গেল। ‘মেঘের ওপরের দেশ’ সাজেক একসময় লুসাই–অধ্যুষিত ছিল। এখন বহু পরিবার ভারতের মিজোরামে অভিবাসন করেছে। আগের তুলনায় কমে গেলেও সাজেকের ছোট-বড় সব পাড়ায় লুসাইদের সাংস্কৃতিক প্রভাব এখনো অটুট। রুইলুই মৌজার হেডম্যানও একজন লুসাই। নাম লালথাঙ্গা লুসাই। মূলত তিনি ও তাঁর পরিবারের উদ্যোগেই এই পার্ক গড়ে উঠেছে। উদ্দেশ্য সাজেকের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা।
সাংস্কৃতিক পার্কের ব্যবস্থাপনায় যাঁরা রয়েছেন, তাঁদের কাছ থেকে লুসাইদের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু জানা গেল। তার আগে জেনে নেওয়া ভালো, এ প্রসঙ্গে গবেষকেরা কী বলছেন। মিয়ানমারের রেঙ্গুন ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ভুমসন তাঁর ‘জো হিস্ট্রি’ বইয়ে লুসাইদের বিশদ বিবরণ দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, লুসাইরা ‘জো জাতির’ অন্তর্ভুক্ত ছয়টি জনজাতির একটি। জো জাতির বাকি পাঁচটি জনজাতি হলো বম, পাঙ্খোয়া, খুমি, ম্রো ও খিয়াং। মিয়ানমারের আরাকান থেকে শুরু করে ভারতের মণিপুর ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কিছু অংশজুড়ে লুসাইদের বসবাস। ভারতের মিজোরামে লুসাইরা সংখ্যাগরিষ্ঠ।



