লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথের গল্পটা রূপকথার মতো। ফুটবল তো বটেই, ক্রীড়া দুনিয়ায় যে কটি দ্বৈরথকে বিশেষ মর্যাদা দেওয়া হয়, লিভারপুল-ইউনাইটেড তার অন্যতম। লালের বিরুদ্ধে লালের এই লড়াইয়ে লেখা হয়েছে অনেক ধ্রুপদি গান। কিন্তু সেসব দিন পেরিয়ে দ্বৈরথটা এখন যেন মান্না দের গাওয়া ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’ গানের প্রথম লাইনটার মতো।
পয়েন্ট তালিকার একের সঙ্গে চৌদ্দর ম্যাচ তো শেষ পর্যন্ত এই কূল আর ঐ কূলেরই লড়াইয়ের গল্প। দুই দলের অবস্থানই বলে দিচ্ছে লড়াইটা কতটা অসম। দ্বৈরথ বলতে যা বোঝায়, তা তো স্রেফ ঐতিহ্যের কঙ্কাল।