মঙ্গলবার রাতে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের লড়াই। তুলনামূলক শক্তিতে পিছিয়ে থাকা গ্যালাতাসারের বিপক্ষে হেরেছে লিভারপুল। শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির ড্র করেছে বার্সেলোনা। টটেনহ্যামের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আটালান্টার বিপক্ষে বায়ার্ন মিউনিখ বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে।
আটালান্টার মাঠে ৬-১ গোলে জিতেছে বায়ার্ন। ম্যাচের ১২ মিনিটে বাভারিয়ানদের লিড এনে দেন জোসিপ স্ট্যানিসিচ, ২২ মিনিটে ব্যবধান দিগুণ করেন মাইকেল ওলিসে, ২৫তম মিনিটে বোর্ডে তৃতীয় গোল যোগ করেন সার্জি গ্যানাব্রে, নিকোলাস জ্যাকসন ৫২ মিনিটে চতুর্থ গোলটি করেন। ৬৪ মিনিটে জোড়া পূর্ণ করেন ওলিসে, এবং ৬৭ মিনিটে ব্যবধান বড় করেন জামাল মুসিয়ালা। ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময় আটালান্টার সান্ত্বনার গোলটি করেন মারিও পালাসিচ।
অন্য ম্যাচে নিউক্যাসলের মাঠে একের পর এক আক্রমণ চালায় বার্সা। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে জ্যাকব মার্ফির ক্রসে বল জালে জড়ান স্বাগতিকদের হার্ভে বার্নস। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে পেনাল্টি পায় কাতালান ক্লাবটি, সেখানে থেকে লামিন ইয়ামাল গোল করলে সমতায় ফেরে বার্সেলোনা। শেষে পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন অ্যাটলেটিকোর মারকোস লরেন্টে, ১৪তম মিনিটে ব্যবধান দিগুণ করেন অ্যান্টনিও গ্রিজম্যান। ১৫ মিনিটে আবার জালের দেখা পায় স্প্যানিশ দলটি, গোল করেন জুলিয়ান আলভারেজ। ২২ মিনিটে গোল করেন রবিন লে নরমান্ড। ৫৫ মিনিটে জোড়া পূর্ণ করেন আলভারেজ। ২৬ মিনিটে পেদ্রো পোরো এবং ৭৬ মিনিটে ডোমিনিক সোলাঙ্কে গোল করলে ব্যবধান কমে সফরকারীদের। অ্যাটলেটিকো ৫-২ গোলে জিতে যায়।
গ্যালাতাসারের মাঠে ১-০ গোলে হেরেছে লিভারপুল। সপ্তম মিনিটে মারিও লেমিনার গোলে জেতে দলটি। হেরে কিছুটা চাপে পড়ল অলরেড বাহিনী।



