লিটনকে নিয়ে অনেক স্বপ্ন বিসিবির | চ্যানেল আই অনলাইন

লিটনকে নিয়ে অনেক স্বপ্ন বিসিবির | চ্যানেল আই অনলাইন

লম্বা সময় ধরে ওয়ানডেতে ফর্মে নেই বাংলাদেশ জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। গত বছর জুলাইয়ের পর থেকে জাতীয় দলের জার্সিতে ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি তার। ৮ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি একবারও। খালি হাতে ফিরেছেন চার ইনিংসে। অবশ্য সদ্য শেষ হওয়া বিসিএলে একটি ফিফটি করেছেন। তাতেই আসন্ন পাকিস্তান সিরিজের দলে ফেরানো হয়েছে তাকে।

এমন পারফরম্যান্সের পরও মূলত মিডল অর্ডারের ভাবনায় লিটনকে ফেরানো হয়েছে। অভিজ্ঞতায় এগিয়ে থাকা লিটনের ‍উপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, টাইগার তারকাকে নিয়ে অনেক স্বপ্ন বোর্ডের।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমন জানান নাজমুল। তিনি বলেন, ‘ওর (লিটন) অভিজ্ঞতাকে আমরা খুব গুরুত্ব দিই। আমরা আশা করি ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে। মিডল অর্ডারে যদি সে থিতু হতে পারে সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে। কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় সেখানে দরকার। সেই দিক থেকে আমার ধারণা এই নির্বাচনটা হয়েছে। দেখা যাক ও কেমন করে।’

আগামী ১১ তারিখ সিরিজের প্রথম ম্যাচে নামবে দুদল। ১৩ ও ১৫ তারিখ বাকি দুটি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। সবগুলো ম্যাচই দুপর ২টা ১৫ মিনিটে গড়াবে। ম্যাচ সরাসরি দেখাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন, সরাসরি ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।

Scroll to Top