
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ২০২৬ সালের ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এই সুখবর জানিয়েছেন নাজিফা তুষি। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মান ও আনন্দের।
নাজিফা তুষি বলেন, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই পুরো দলের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস কাজ করছিল। এশিয়ার সেরা ও মৌলিক গল্পগুলো হলিউডের মঞ্চে বিশ্বব্যাপী দর্শকদের সামনে তুলে ধরার এই আয়োজন তাদের জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। সেখানে তারা শুধু অংশগ্রহণই করেননি, বরং বাংলাদেশের চলচ্চিত্রকেও বিশ্বদরবারে তুলে ধরেছেন।
এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা সব সময় তার সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে ছিলেন। ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
পুরস্কারটি নিজের একার অর্জন নয় উল্লেখ করে নাজিফা তুষি বলেন, এই সম্মাননা ‘রইদ’ চলচ্চিত্রের পুরো টিম, কলাকুশলী এবং সিনেমাটি নির্মাণ ও বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের।
পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ’ জানিয়ে সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান এই অভিনেত্রী।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

