চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিককে সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কারখানায় কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের দগ্ধের মাত্রা গুরুতর এবং অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, দগ্ধ আরেক শ্রমিক আহসানুল হক (৪৫) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



