এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বোলিং তোপে শ্রীলঙ্কাকে ৭৭ রানেই থামিয়ে দিয়ছিল সাউথ আফ্রিকা। ব্যাট হাতে অবশ্য ততটা সহজে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি প্রোটিয়ারা। তবে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসর শুরু করেছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক ভানিডু হাসারাঙ্গা। ব্যাটারদের ভরাডুবিতে ১৯.১ ওভারে ৭৭ রানে থামে লঙ্কানদের ইনিংস। জবাবে নেমে ২২ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের।
রানতাড়ায় নেমে প্রোটিয়া ব্যাটাররাও খুব একটা সুবিধা করতে পারেননি। উইকেট ধরে রাখলেও মন্থর মেজাজে রান তুলেছিল তারা। ব্যাটারদের মধ্যে বড় ইনিংসও খেলা হয়নি কারো। ২৭ বলে ২০ রান করেন কুইন্টন ডি কক। প্রোটিয়া ব্যাটারদের এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এইডেন মার্করাম ১৪ বলে ১২ রান, ত্রিস্তান স্টাবস ২৮ বলে রান এবং হেইনরিখ ক্লাসেন ২২ বলে ১৯ রানের ইনিংস খেলেন।
লঙ্কানদের হয়ে ভানিডু হাসারাঙ্গা দুটি এবং দাসুন শানাকা ও নুয়ান থুসারা একটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ১৩ রানে ওপেনার পাথুম নিশাঙ্কার উইকেট হারায় দলটি। এরপর ধারাবাহিক ভাবেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল তিন ব্যাটার। তাও স্বস্তিদায়ক নয়।
সর্বোচ্চ ১৯ রান করেছেন কুশল মেন্ডিস। ৩০ বলের ইনিংসটিতে ছিল কেবল একটি চারের মার। ১৬ বলে ১৬ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১৫ বলে ১১ রান করেন কামিন্দু মেন্ডিস। বাকীদের মধ্যে দাসুন শানাকা ১০ বলে ৯ রান করেন।
প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন এনরিখ নর্টজে। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট নেন এই বোলার। ডানহাতি পেসারের ক্যারিয়ারসেরা বোলিং এটি। কেশব মহারাজ ও কাগিসো রাবাদা দুটি করে উইকেট নেন।





