লঙ্কানদের স্পিন পিচে স্মিথের রেকর্ডের ফুলঝুরি, খাজার সেঞ্চুরি | চ্যানেল আই অনলাইন

লঙ্কানদের স্পিন পিচে স্মিথের রেকর্ডের ফুলঝুরি, খাজার সেঞ্চুরি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে প্রথমদিন নিজেদের করে নিয়েছে অজিরা। দুই উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৩০ রান।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক স্টিভেন স্মিথ। দিনের খেলা প্রায় ৯ ওভার বাকি থাকতে বৃষ্টির কারণে শেষ করতে হয়েছে। বাঁহাতি ওপেনার উসমান খাজা ১৪৭ এবং স্মিথ ১০৪ রানে অপরাজিত আছেন।

ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। কীর্তির মাধ্যমে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার, মাহেলা জয়াবর্ধনে, ব্রায়ান লারা এবং ইউনিস খানের ৩৪ সেঞ্চুরির রেকর্ড। শেষ নয় ইনিংসে চারটি সেঞ্চুরি ও একটি ফিফটির দেখা পেলেন ডানহাতি ব্যাটার।

শ্রীলঙ্কায় ব্যাটিংয়ে নেমে প্রথম বল মোকাবেলা করেই ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন স্মিথ। ১০ হাজারি ক্লাবে সবচেয়ে বেশি গড়ের তৃতীয় ব্যাটার তিনি। সবার উপরে রিকি পন্টিং ৫৮.৭২, দুইয়ে শচীন টেন্ডুলকার ৫৭.৬১ এবং তিনে থাকা স্মিথের ৫৬.৪৪।

GOVT

শ্রীলঙ্কায় সর্বোচ্চ ৩টি সেঞ্চুরির অজি রেকর্ড গড়েছেন স্মিথ। তার আগে শ্রীলঙ্কার মাটিতে দুটি করে সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং, ডেমিয়েন মার্টিন, শন মার্শ, ড্যারেন লেম্যান ও মাইকেল হাসি।

আরেকটি রেকর্ড করেছেন স্মিথ। এশিয়ায় সফরকারী অধিনায়ক হিসেবে ২৬ ইনিংসে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরির রেকর্ড ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের। এ সেঞ্চুরির মাধ্যমে স্মিথের পাঁচটি হল এবং তালিকার দুইয়ে তিনি। স্মিথ ইনিংস খেলেছেন ২২টি।

শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৪৮.২ গড়ে পন্টিং ৭২৩ রান করেছিলেন। তালিকার দুইয়ে উঠে এসেছেন স্মিথ। ৫৮ গড়েন ৪৬৪ রান করে ছাড়িয়েছেন মাইক হাসিকে। দুর্দান্ত ৯২.৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৩ রান ছিল হাসির।

স্মিথের রেকর্ডমাল্যের বুকে পুরোদিন ব্যাট করেছেন ওপেনার উসমান খাজা। সেঞ্চুরিও তুলে নিয়েছেন বাঁহাতি খাজা এবং তার ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। খাজা, স্মিথ ও ট্রাভিস হেড তাদের ইনিংসে ১০টি করে চার ও একটি করে ছক্কা মেরেছেন।

শ্রীলঙ্কায় তৃতীয় উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেট জুটিতে খাজা ও স্মিথের জুট ১৯৫ রানে অবিচ্ছিন্ন আছে। কাল সকালে ব্যাটিংয়ে নেমে আরও ৫ রান যোগ করলে অ্যাডাম গিলক্রিস্ট ও ডেমিয়েন মার্টিনের সর্বোচ্চ ২০০ রানের জুটিকে ছাড়িয়ে যাবেন।

Scroll to Top