সুপার এইটে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় দেখেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই পথে হাঁটল লঙ্কানরা। টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল দাসুন শানাকা দল। লঙ্কানদের ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকল নিউজিল্যান্ড।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ওভার শেষে কিউইরা ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ গড়ে। জবাবে নেমে ৮ উইকেটে ১০৭ রানে থামে স্বাগতিকরা।
সুপার এইটে গ্রুপ-২ থেকে টানা দুই জয়ে সেমির টিকিট কেটেছে ইংল্যান্ড। কিউইদের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে, বৃষ্টিতে ভেস্তে যাওয়া দুদল ১ পয়েন্ট করে পায়। ৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড টেবিলের দুইয়ে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলবে তারা। ইংলিশদের বিপক্ষে হারলেও সেমির দৌড়ে টিকে থাকবে তারা। সেক্ষেত্রে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে। আর লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে রানরেটে পাকিস্তান এগিয়ে গেলে সেমির স্বপ্ন ভঙ্গ হতে পারে কিউইদের। তবে রানরেটে নিউজিল্যান্ড বেশ এগিয়ে থাকায় পাকিস্তানের জন্য তা কঠিন হতে চলেছে।
আগে ব্যাটে নামা কিউইদের শুরুটা ভালো হয়নি। ৩৪ রানে দুই উইকেট হারায় দলটি। ফিন অ্যালেন ১৩ বলে ২৩ রানে এবং টিম শেইফার্ট ৯ বলে ৮ রানে ফিরে যান। চতুর্থ উইকেটে ৪১ রান যোগ করেন গ্লেন ফিলিপস ও রাচিন রবিন্দ্র। দলীয় ৭৫ রানে ফিলিপস আউট হলে জুটি ভাঙে। ১৮ বলে ১৮ রান করেন।
১১.২ ওভারে ৮৪ রানে রাচিন ফিরে যান। ২২ বলে ৩২ রান করেন। দুই বল পরেই আউট হন মার্ক চাপম্যান। ১২.১ ওভারে ড্যারিল মিচেলও ফিরে যান। ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল কিউইরা। তবে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনি জুটিতে চাপ সামলে উঠে দলটি।
ঝড়ো ব্যাটিংয়ে এই জুটি যোগ করেন ৪৭ বলে ৮৪ রান। ইনিংসের শেষ বলে স্যান্টনার আউট ২ চার ও ৪ ছক্কায় ২৬ বলে ৪৭ রান করে। ৩ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ম্যাককনি।
লঙ্কান বোলারদের মধ্যে মাহেশ থিকসানা ও দুশমন্থ চামিরা তিনটি করে উইকেট নেন। দুনিথ ওয়েল্লাগে নেন এক উইকেট।
রানতাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা। চাপ কাটিয়ে তোলার সুযোগ হয়নি স্বাগতিকদের। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। সর্বোচ্চ ৩১ রান করেন কামিন্দু মেন্ডিস। ২৩ বলের ইনিংসটিতে ছিল ৪টি চারের মার। ২ চার ও ১ ছক্কায় ওয়েল্লাগে করেন ২৩ বলে ২৯ রান। এছাড়া কুশল মেন্ডিস ২২ বলে ১১, পবন রত্নায়েকে ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
নিউজিল্যান্ড স্পিনার রাচিন রবিন্দ্র ৪ উইকেট নেন। ম্যাট হেনরি নেন ২ উইকেট। স্যান্টনার ও ফিলিপস নেন একটি করে উইকেট।


