
লক্ষ্মীপুর, ১০ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুরের রামগতিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রামগতি বাজার এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় রিয়াজ নামের বিএনপির এক কর্মীকেও আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মীর আক্তার হোসেন বাচ্চু উপজেলার চরগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দীনের ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ও সাবেক এই ইউপি চেয়ারম্যান একটি পুরনো মামলায় আদালতের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং সেই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে। তবে বিএনপির একটি অংশের অভিযোগ, স্থানীয় ধানের শীষের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুল তথ্য দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে।
তারা বাচ্চু চেয়ারম্যানকে অপরাধী সাজিয়ে হয়রানি করা হচ্ছে দাবি করে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাচ্চু চেয়ারম্যানকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬





