লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ১৬ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪২ মণ মাছ, ৪টি নৌকা এবং ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ ১০ মার্চ সোমবার সন্ধ্যায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা এই তথ্য নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যা থেকে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৎস্যজীবীদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় তাদের প্রত্যেকে ১ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান। তিনি জানান, জরিমানার পর আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের নৌকাগুলো জব্দ করে রাখা হয়েছে এবং অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।


