লক্ষ্মীপুরে নির্বাচনী মিছিলে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু – DesheBideshe

লক্ষ্মীপুরে নির্বাচনী মিছিলে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু – DesheBideshe

লক্ষ্মীপুরে নির্বাচনী মিছিলে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু – DesheBideshe

লক্ষ্মীপুর, ৯ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে পৃথক মিছিলে অংশগ্রহণকালে বিএনপি ও জামায়াতের দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। নিহতরা হলেন ৬০ বছর বয়সী জামায়াত কর্মী আব্দুস সহিদ এবং ৪৫ বছর বয়সী বিএনপি কর্মী ওবায়দুল হক। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলাদাভাবে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল তবে পথেই তাঁদের মৃত্যু হয়। চিকিৎসকের মতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁরা মারা গেছেন। মৃত সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল চলাকালে অসুস্থ হয়ে পড়েন সহিদ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সন্ধ্যায় একই আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল। তাঁকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন নিজ নিজ দলের কর্মীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top