শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে টাইগারদের। সিরিজ জয়ে সুখবরও পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজকে টপকে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে লাল-সবুজের দল। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
সিরিজের আগে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের সঙ্গে ১ রেটিং পয়েন্টের ব্যবধান ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইনি্ডজকে টপকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরে। ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যান মিরাজরা। শেষ ম্যাচে রোববার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১১ রানের জয়ে সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী বছরের ৩১ মার্চ তারিখে র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।




