আদালত রায়ে বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গোষ্ঠী নিধন চালিয়েছে। এর মাধ্যমে দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের অধীন নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
মিয়ানমার সনদের আওতায় আরও কয়েকটি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এগুলো হলো নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কাজ করা ব্যক্তিদের দ্বারা গোষ্ঠী নিধন সংঘটন প্রতিরোধ করা; গোষ্ঠী নিধন ও সনদে উল্লিখিত অন্যান্য কার্যক্রমের শাস্তি নিশ্চিত করা; এবং সনদের কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা।
তবে আদালত বলেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বেসামরিক ব্যক্তিদের গোষ্ঠী নিধন সংঘটনে মিয়ানমার প্রত্যক্ষ ও প্রকাশ্যে উসকানি দেয়নি।
আদালত আরও বলেন, ২০২০ সালের ২৩ জানুয়ারির আদেশে আদালত যে নির্দেশ দিয়েছিলেন, মিয়ানমার তা লঙ্ঘন করেছে। ওই আদেশে বলা হয়েছিল, গোষ্ঠী নিধনের অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ ধ্বংস বন্ধ করতে ও সংরক্ষণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
গোষ্ঠী নিধন সনদ লঙ্ঘনের কারণে আইসিজে মিয়ানমারকে বেশ কিছু বিষয় মেনে চলার নির্দেশ দিয়েছেন। এগুলো হলো সনদের অধীন বাধ্যবাধকতা পুরোপুরি কার্যকর করে এমন আইন প্রণয়নের মাধ্যমে চলমান লঙ্ঘন বন্ধ করা। সনদ বিরোধী কার্যক্রম সংঘটনের যুক্তিসংগত সন্দেহভাজন সবার বিরুদ্ধে তদন্তে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা। গোষ্ঠী নিধনের পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস ও নিশ্চয়তা দেওয়া এবং ভবিষ্যতে একই ধরনের লঙ্ঘন প্রতিরোধ করা।



