
ঢাকা, ৫ মার্চ – রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ২৬ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জাপান সরকার। বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবাসন, স্বাস্থ্যসেবা ও রান্নার জ্বালানি সুবিধার্থে এই অর্থ ব্যয় করা হবে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
জাপানের এই আর্থিক সহায়তায় বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে, যেখানে বর্তমানে ১১ লাখ ৮০ হাজারের বেশি রাষ্ট্রহীন রোহিঙ্গা অনিশ্চিত জীবনযাপন করছেন। মিয়ানমারে সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পরও এই জনগোষ্ঠী বেঁচে থাকার জন্য মূলত মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বিশেষ করে বর্ষা ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রগুলোর নিয়মিত সংস্কার প্রয়োজন হয়। এই প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ৩০০ পরিবারের ঘর মেরামতের উপকরণ সরবরাহ করা হবে এবং রোহিঙ্গা কমিউনিটি থেকে ৩০০ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হবে।
পাশাপাশি স্বাস্থ্যসেবা জোরদারে ১৬২ জন শরণার্থীকে কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির নবম বছরে জাপানের এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বজুড়ে তহবিলের সংকটের কারণে যখন জীবনরক্ষাকারী কার্যক্রম হুমকির মুখে, তখন এই ধরনের উদ্যোগ আশা জাগায়। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি আশা প্রকাশ করে বলেন, এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাপান তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া এই অনুদানের অর্থে ৩২ হাজার রোহিঙ্গা পরিবারকে উন্নত মানের রান্নার চুলা সরবরাহ করা হবে।
এস এম/ ৫ মার্চ ২০২৬





