
পাকিস্তানে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়া ফাইনালে স্বাগতিকেরা লঙ্কানদের হারিয়েছে ৩ উইকেট ও ৯ বল হাতে রেখে। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ওপেনার ফখর জামান। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করায় সিরিজ সেরার পুরস্কার উঠেছে স্পিনিং অলরাউন্ডার আরাফাত মিনহাজের হাতে।
গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদী। আগে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে। জবাব দিতে নেমে ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।
বড় রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাজ সাদাকাত। তবে একপাশে নিজেকে ধরে রাখেন ফখর জামান। তিনি ৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসে ১১টি চার ও ৬টি ছক্কার মার ছিল।
পাকিস্তানের জয়ে বড় অবদান রাখেন সাদ বেগ। তিনি ৭৪ রানের ইনিংস খেলেন। এছাড়া স্পিনিং অলরাউন্ডার আরাফাত মিনহাজ ৩১ বলে ৬১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার জেতেন মিনহাজ।
লঙ্কানদের পেসার দিলশান মাদুশঙ্কা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। দুটি উইকেট নেন আসিথা ফের্নান্দো। একটি করে উইকেট পান মাহেশ থিকাসানা ও দুনিথ ভেল্লালেগে।
আগে ব্যাট করা লঙ্কানদের ওপেনার কামিন্দু মেন্ডিস সেঞ্চুরি তুলে নেন। বাঁহাতি এ ব্যাটার ১২৮ বলে ১৩১ রানে আউট হন। তার ইনিংসে ১২টি চার ও দুটি ছক্কার মার ছিল। লঙ্কানদের ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ রানের ইনিংস। পবন রথনায়েকের সাথে ১১৯ বলে ১৪৬ রানের একটি জুটিও ছিল তার।
লঙ্কানদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেছেন পবন রথনায়েকে। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন আরেক ওপেনার আবিষ্কা ফের্নান্দো। কুশল মেন্ডিসের দলের অন্য কোনো ব্যাটার আর তেমন উল্লেখযোগ্য রান করতে পারেনি।
পাকিস্তানের চার বোলার সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন। তারা হলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, সালমান আঘা এবং হারিস রউফ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

