রোনালদোর জোড়া গোল, সৌদি লিগে চ্যাম্পিয়ন আল-নাসের | চ্যানেল আই অনলাইন

রোনালদোর জোড়া গোল, সৌদি লিগে চ্যাম্পিয়ন আল-নাসের | চ্যানেল আই অনলাইন

লিগ পর্বের শেষ ম্যাচটি ছিল আল-নাসেরের শিরোপা নির্ধারণী লড়াই। হারলেই লিগ হাতছাড়া, এমন সমীকরণে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে দামাককে ৪-১এ হারিয়েছে রিয়াদের ক্লাবটি। ২০২৩ সালে সৌদি প্রো লিগে আসার পর প্রথম কোন শিরোপার স্বাদ পেলেন পর্তুগিজ মহাতারকা। এটি ক্লাবটির ১১তম লিগ শিরোপা।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে দাপটের সাথে শুরু করে আল-নাসের। সৌদিতে শিরোপা না জেতার আক্ষেপ রয়ে গিয়েছিল সিআর সেভেনের, নিজের জোড়া গোলে সেই শিরোপা নিশ্চিত করলেন। মৌসুমের শেষ ম্যাচ প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেছে আল-নাসের। ম্যাচে হেরে গেলে শিরোপাও হাতছাড়া হতো।

এটি আল-নাসেরের ১১তম লিগ শিরোপা, সর্বশেষ ২০১৮/১৯ মৌসুমে লিগ জিতেছিল তারা। ম্যাচের ৩৪তম মিনিটে সাদিও মানের গোলে লিড পায় আল-নাসের। ৫২তম মিনিটে কিংসলে কোমানের গোলে ব্যবধান দিগুণ করে চ্যাম্পিয়নরা। চার মিনিট পর পেনাল্টি পায় দামাক, ৫৮তম মিনিটে সেখানে থেকে ব্যবধান কমান মোরলে সিল্লা। ম্যাচের ৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি জালে বল জড়ান রোনালদো। ৮১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি, ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল- নাসের।

গত সপ্তাহে আল-নাসেরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোর ম্যাচের অতিরিক্ত সময়ে ভুলের কারণে আল হিলালের সাথে ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপা অপেক্ষা বেড়েছিল রোনালদোদের। একই সপ্তাহে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ফাইনালে নিজেদের মাঠে গাম্বা ওসাকার কাছে হেরে যায় আল-নাসের।

Scroll to Top